back to top
Home প্রচ্ছদ কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল, নেতৃত্বে ফজলুল হক মিলন

কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল, নেতৃত্বে ফজলুল হক মিলন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা কমপ্লেক্স এলাকায় গিয়ে শেষ হয়।

 

মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন। এর আগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাস্টার। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ ও খাইরুল আহসান মিন্টুসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে ফজলুল হক মিলন বলেন, দেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না। শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে রাজপথে থাকার কথাও জানান তিনি।

আয়োজকদের ভাষ্য, দেশের চলমান পরিস্থিতিতে পরিকল্পিত অস্থিতিশীলতা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে কালীগঞ্জ উপজেলা শহীদ মিনার ও আশপাশের এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।