back to top
Home বিবিধ শিক্ষা বিভাগ অধিভুক্ত কলেজগুলোকে বড় পরিসরে সবুজায়নের আওতায় আনা হবে : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

অধিভুক্ত কলেজগুলোকে বড় পরিসরে সবুজায়নের আওতায় আনা হবে : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ সুরক্ষা ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজকে বড় পরিসরে সবুজায়ন কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বুধবার সকালে কক্সবাজার সিটি কলেজ পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

 

উপাচার্য বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সরকারের নেওয়া পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে বৃক্ষরোপণসহ পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম জোরদার করা হবে।

তিনি শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা বিকাশে কলেজগুলোতে ল্যাংগুয়েজ ক্লাব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে কক্সবাজার সিটি কলেজে ১২ হাজার গাছ লাগানোর নির্দেশনা দেন।

 

ডিজিটাল ও পেপারলেস ব্যবস্থার দিকে এগোচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রযুক্তিভিত্তিক প্রশাসনিক সংস্কারের বিষয়ে উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাল, ক্যাশলেস ও পেপারলেস ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক সেবা আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করা হচ্ছে।

সেশনজট কমানোর প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে মাত্র ২৭ কর্মদিবসের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে। এটিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

উপাচার্য আরও বলেন, প্রায় ৬৫ লাখ শিক্ষার্থীর বিশাল পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে নির্ধারিত সময়ে ফল প্রকাশের এই কার্যক্রমের পেছনে শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে।

 

কর্মমুখী হবে উচ্চশিক্ষা

যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষাকে আরও কর্মমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি বলেন, শিক্ষার্থীদের কর্মজীবন ও ভবিষ্যতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কারিকুলাম পরিমার্জন ও সংশোধনের কাজ চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন আধুনিক ও দক্ষতাভিত্তিক কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ এস এম আখতার উদ্দিন চৌধুরী সভাপতিত্ব করেন। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।