আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ডারবানের কাছে একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী ছিলেন, যিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে দেশটির কোয়াজুলু-নাটাল প্রদেশের কোয়ামাখুথা টাউনশিপে এ ঘটনা ঘটে। এলাকাটি ডারবান শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার সময় একটি বাড়িতে কয়েকজন মানুষ একটি অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন। রাত প্রায় ১১টার দিকে তিন বন্দুকধারী ওই বাড়িতে ঢুকে গুলি চালায়। হামলায় ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
হামলার পর তিনজন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
হামলার কারণ জানা যায়নি
এখনও হামলার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, স্থানীয় প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর বিরোধের বিষয়টি তদন্তে বিবেচনা করা হচ্ছে। হামলার সঙ্গে মাদক ব্যবসা ও অবৈধ আগ্নেয়াস্ত্রের সংশ্লিষ্টতার বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।
হামলার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং ফরেনসিক তদন্ত শুরু করে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। এদিকে, হামলার সঙ্গে একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও তদন্ত করছে কর্তৃপক্ষ।
দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক সময়ে একাধিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।




































