back to top
Home গাজীপুরের খবর কালীগঞ্জের তালিয়ায় ২০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের উদ্বোধন করলেন ফজলুল হক মিলন

কালীগঞ্জের তালিয়ায় ২০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের উদ্বোধন করলেন ফজলুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের তালিয়ায় ২০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটির উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।

 

গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব সিরাজুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, চিকিৎসাসেবা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। সেই বিবেচনায় তালিয়াসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার। দেশের প্রতিটি নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

 

তিনি হাসপাতালটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য এলাকাবাসী এবং স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে রোগীদের সঙ্গে মানবিক ও সহানুভূতিশীল আচরণ করার জন্য হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি আশ্বস্ত করে বলেন, খুব শিগগিরই হাসপাতালটি পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রস্তুত করা হবে। এর ফলে তালিয়াসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ সহজেই সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশিত এ হাসপাতাল চালুর মধ্য দিয়ে নাগরী ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।