
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোলাবাড়ি জামে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
এ সময় স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে মসজিদের উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম সম্প্রসারণ এবং মুসল্লিদের জন্য সুন্দর ও উপযোগী পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা করা হয়।
স্থানীয়রা জানান, নতুন মসজিদ ভবন নির্মাণ সম্পন্ন হলে এলাকার মুসল্লিদের নামাজ আদায়সহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সুবিধা হবে। তারা মসজিদটির নির্মাণকাজ দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।






































